নারী উদ্যোক্তারা দেশের জিডিপিতে বড় ভূমিকা রাখছে: মেহের আফরোজ চুমকী
নারী উদ্যোক্তারা দেশের জিডিপিতে বড় ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও মহিলা বিষয়ক উপকমিটির সদস্য সচিব মেহের আফরোজ চুমকী।
শনিবার উইম্যান অ্যান্ড ই-কমার্স বা উই আয়োজিত এন্টারপ্রিনিউরশিপ মাস্টারক্লাস অ্যাডভান্স সিরিজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন চুমকী।
চুমকী জানান, আগে নানা খাতে নারীদের অগ্রাধিকার দেয়া হতো না। প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সরকার নারীদের অগ্রাধিকার দেয়ার কারণে দেশে নারী উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে, এগিয়ে যাচ্ছে দেশ।
এন্টারপ্রিনিউরশিপ মাস্টারক্লাস অ্যাডভান্স সিরিজের এই প্রশিক্ষণকে সময় উপযোগী উল্লেখ করে মেহের আফরোজ আরো জানান, চলমান মহামারীতে প্রায় সব ধরনের ব্যবসা ক্ষতিগ্রস্ত হলেও ডিজিটাল প্লাটরফর্মভিত্তিক ব্যবসা চলছে। নারীদের তিনি ডিজিটাল প্লাটফর্মে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ডা. বিকর্ণ কুমার ঘোষ। তিনি জানান, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ এখন পর্যন্ত ১৪৩টি স্টার্টআপকে বিনামূল্যে স্পেস সুবিধা দিয়েছে। ফিনটেক, ট্রাভেলটেকসহ অন্যান্যখাতে যেসব নারী উদ্যোগী হবে তাদের সহযোগিতা করবে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে মাস্টারক্লাসের নানান উদ্দেশ্য তুলে ধরেন উইয়ের বৈশ্বিক উপদেষ্টা সৌম্য বসু।
উইমেন অ্যান্ড ইকমার্স ফোরামের (উই) সভাপতি নাসিমা আক্তার নিশার সঞ্চালনায় অনুষ্ঠানে দেশের প্রান্ত থেকে শিক্ষার্থীরা অংশ নেন।